ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ময়মনসিংহে বাসচাপায় নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৩, ১২ আগস্ট ২০২২
ময়মনসিংহে বাসচাপায় নিহত ২
দুর্ঘটনা কবলিত অটোরিকশা- ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের ফুলপুরে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

শুক্রবার বিকালে সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের বাঁশাটি পশ্চিম পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার ছনধরা ইউনিয়নের হযরত আলীর ছেলে মিজান মিয়া এবং একই উপজেলার নগুয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মঞ্জুরুল ইসলাম।

স্থানীয়রা জানান, বিকেলের দিকে নকলা থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা বাঁশাটি পশ্চিম পাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শেরপুরগামী একটি বাস অটোরিকশাটি চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ছয় যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নকলা ও ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিজান মিয়া নামে একজনের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় মঞ্জুরুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই জুলহাস উদ্দিন বলেন, গুরুতর আহত অবস্থায় মঞ্জুরুল ইসলাম নামে একজনকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা লাশ নিয়ে চলে যায়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মারা যাওয়ার খবর পেয়েছি। তবে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এখনো খবর আসেনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!