অভিমানী বাবা বাড়ি ফিরলেন লাশ হয়ে
অভিমান করে দেড় মাস আগে বাড়ি থেকে বের হয়ে যাওয়া বাবার মরদেহ পেলেন সন্তান। বৃহস্পতিবার বিকেলে যশোরে সড়ক দুর্ঘটনায় বাবা মিন্টু মিয়া আহত হন।
অজ্ঞাত অবস্থায় তাকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১১টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মিন্টু মিয়া যশোরের মণিরামপুরের মোহনপুর গ্রামের বাসিন্দা।
এএসআই আতিকুর রহমান জানান, অজ্ঞাত হিসেবে ভর্তি হলেও রাতে তার স্বজনরা আসলে পরিচয় নিশ্চিত হওয়ায় যায়।
তিনি আরো জানান, বৃহস্পতিবার বিকেলে একজন রিকশাচালক সড়ক দুর্ঘটনায় আহত মিন্টুকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রেখে যান। পরবর্তীতে সোসাল মিডিয়ার মাধ্যমে তার স্বজনরা ছবি দেখে পরিচয় শনাক্ত করেন।
নিহতের বড় ছেলে রাশেদুল ইসলাম বলেন, দেড়মাস আগে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার এলাকার কয়েকজনের মাধ্যমে জানতে পারি- যশোর জেনারেল হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অচেতন অবস্থায় ভর্তি আছেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শুভাশিষ রায় জানান, বিকেলে অচেতন অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে রাতে মারা যান তিনি।