তরুণীকে শ্বাসরোধে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড
রংপুরের মিঠাপুকুরে এক তরুণীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে নাহিদ হাসান নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রোববার বিকেলে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক তারিক হোসেন আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
সরকার পক্ষের আইনজীবী শাহ মো. নয়নুর রহমান জানান, ঐ তরুণীর সঙ্গে উপজেলার ডলসিংপুর বাউড়া কোর্ট গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে নাহিদ হাসানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা শারীরিক সম্পর্কেও লিপ্ত হন। এতে ঐ তরুণী চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি জানাজানি হওয়ায় তরুণীর স্বজনরা নাহিদকে বিয়ের জন্য চাপ দিলে তিনি অস্বীকৃতি জানান। একপর্যায়ে ২০২১ সালের ২২ এপ্রিল নাহিদ হাসান ঐ তরুণীকে মোবাইল ফোনে ডেকে বাড়ির পাশের ভুট্টাক্ষেতে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন।
তিনি আরো জানান, এ ঘটনার দুইদিন পর মেয়েটির লাশ ভুট্টাক্ষেতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পরে ঐ তরুণীর বাবা মতলুব হোসেন বাদী হয়ে মিঠাপুকুর থানায় মামলা করেন। পুলিশ তদন্তের পর নাহিদ হাসানকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে আসামি নাহিদ হাসানের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তার মৃত্যুদণ্ডদের আদেশ দেন।