কম দামে চা পাতা ক্রয়, জরিমানা গুনলো দুই কারখানা
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধার্যকৃত মূল্যের চেয়ে কম মূল্যে কৃষকদের থেকে চা পাতা ক্রয়ের দায়ে দুই চা কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত৷
রোববার বিকেলে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নে ফাবিহা টি কোম্পানী ও গ্রীন কেয়ার এগ্রো লিমিটেডক ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা।
জানা যায়, তেঁতুলিয়ার শালবাহান ইউনিয়নে ফাবিহা টি কোম্পানী ও গ্রীন কেয়ার এগ্রো লিমিটেড চা কারখানায় অভিযান পরিচালনা করেন ইউএনও সোহাগ চন্দ্র সাহা। এ সময় কৃষকদের থেকে কম দামে চা পাতা ক্রয় ও
অস্বাস্থ্যকর পরিবেশে চা প্রক্রিয়াজাতকরণ করার দায়ে ফাবিহা টি কোম্পানীকে ২০ হাজার টাকা ও গ্রীন কেয়ার এগ্রো লিমিটেডকে ১৫ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এবং তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুন, তেঁতুলিয়া মডেল থানার পুলিশ ও শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলামসহ স্থানীয়রা৷