রাত ৮টার পরও দোকান খোলায় ১০ মালিককে জরিমানা
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় রাত ৮টার পর দোকান খোলা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ১০ প্রতিষ্ঠান মালিককে ১২ হাজার আটশ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার রাত ১০টার দিকে মাটিরাঙ্গা বাজারে অভিযান পরিচালনা করেন ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব। এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা থানার পুলিশ ও আনসার সদস্যরা।
ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব বলেন, জ্বালানীর অব্যাহত মূল্য বৃদ্ধিজনিত বিদ্যামান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্তে মাটিরাঙ্গায় রাত ৮টার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপণি বিতান ইত্যাদি বন্ধ রাখার বিষয়ে সতর্কতা জারি করে বার বার নির্দেশনা দেয়া হয়েছে।
ওই নির্দেশনা বাস্তবায়নের লক্ষে মাটিরাঙ্গা বাজারের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাত ৮টার পর দোকান খোলা রাখার দায়ে ৯টি প্রতিষ্ঠানকে ২৮০০ টাকা, একইসঙ্গে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে মহিউদ্দিন সুইটসকে ১০ হাজার টাকাসহ মোট ১২ হাজার আটশ টাকা জরিমানা করা হয়। একই সময়ে তাদেরকে ভবিষ্যতে এমন অপরাধ না করতে সতর্ক করে দেয়া হয়।
তিনি আরো বলেন, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।