জ্বালানি তেলের প্রথম চালান নরসিংদীতে
প্রথমবারের মতো দেশে পৌঁছালো ভারত থেকে আমদানি করা ২৫ লাখ লিটার অপরিশোধিত জ্বালানি তেল। ভারতের হলদিয়া বন্দর থেকে মংলা বন্দর হয়ে ন্যাপথা নরসিংদীর ঘোড়াশাল শীতলক্ষ্যা নদীর একোয়া রিফাইনারি লিমিটেড জেটিতে পৌঁছেছে।
শনিবার বেলা ১১টার দিকে নরসিংদীর ঘোড়াশালে বেসরকারি কোম্পানি এ্যাকোয়া রিফাইনারির জেটিতে এসে পৌঁছেছে এ তেল। তখন আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম উদ্ধোধন করেন ভারত ও বাংলাদেশের প্রতিনিধিরা। এতে দেশের জ্বালানি তেল সংকট সমাধানে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হওয়ায় পর থেকেই বিশ্বব্যাপী শুরু হয়েছে জ্বালানি তেল সংকট। প্রতিবন্ধকতা শুরু হয়েছে জ্বালানি তেল আমদানি রফতানির ক্ষেত্রেও। সংকটের কারণে অনেক দেশের মতো বাংলাদেশেও এরই মধ্যেই তেলচালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো বন্ধ রাখা হয়েছে।
চরম এই সংকটের মধ্যে প্রতিবেশী দেশ ভারত থেকে ১ হাজার ৮৬২ মেট্রিক টন ন্যাপথা বা অপরিশোধিত তেল দেশে এসে পৌঁছেছে। নরসিংদীর ঘোড়াশালের শীতলক্ষ্যা নদীর তীরের বেসরকারি তেল পরিশোধন কোম্পানি একোয়া রিফাইনারি লিমিটেডের জেটিতে এসে পৌঁছায় ও.টি সাংহাই-৮ নামের তেলবাহী ট্যাংকার।
দুই দেশের চুক্তির আওতায় আসা প্রথম তেলবাহী জাহাজ। যা ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দর থেকে এ মাসের ৯ তারিখ ছেড়ে আসে।
পরিশোধন কোম্পানি জানায়, ১ হাজার ৮৬২ মেট্রিক টন ন্যাপথা ৪ থেকে ৫ দিনের মধ্যে পরিশোধন করে প্রায় ২৫ লাখ লিটার অকটেন বের করা হবে। তাদের কাছ থেকে যা সরাসরি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন কেনে নেবে। এরপর পরিশোধিত তেল চলে যাবে ভোক্তা পর্যায়ে। পুরো প্রক্রিয়া শেষে ভোক্তা পর্যায়ে তেল পৌঁছাতে সব মিলিয়ে এক সপ্তাহ সময় লাগবে।
বাংলাদেশ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অনুমতির প্রেক্ষিতে এই প্রথম ন্যাপথা আমদানি করা হয়। এই ন্যাপথা পরিশোধনের পর ৮০ শতাংশ অকটেন, ৫ শতাংশ পেট্রল ও ৭ শতাংশ কোরোসিন উৎপাদিত হবে। যা থেকে দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে কার্যকরী ভূমিকা রাখবে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্তকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র পরিচালক রফিকুল ইসলাম, ভারতের ওয়েল করপোরেশন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মাজহার আলম, একোয়া রিফাইনারি লিমিটেড এর পরিচালক অপারেশন এরশাদ হোসেন, সাংহাই শিপ এর ওনার মাসুদুর রহমান, একোয়া রিফাইনারি লিমিটেড এর ডিএমডি সাজেদুল সিরাজ ও জিএম জাহাঙ্গীর আলম।