ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ছাত্রলীগ নেতাকে খুন করে মোটরসাইকেল নিয়ে গেল সন্ত্রাসীরা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৯, ২২ জুলাই ২০২২
ছাত্রলীগ নেতাকে খুন করে মোটরসাইকেল নিয়ে গেল সন্ত্রাসীরা
ইমন হাসান মওলা-ফাইল ফটো

কক্সবাজার শহরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ইমন হাসান মওলা নামে এক ছাত্রলীগ নেতা। বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত ইমন জেলা শহরের উত্তর টেকপাড়ার ব্যবসায়ী মোহাম্মদ হাছানের ছেলে। তিনি ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

অভিযোগ সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার সাড়ে ৯টার দিকে পেশকার পাড়ার বাঁকখালী নদীর সিকো বরফ কল পয়েন্টে ইমন হাসান মওলা তার বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে যায়। সেখানে পরিকল্পিতভাবে তার মোটরসাইকেলের গতিরোধ করে পেশকার পাড়া এলাকার বহু মামলার আসামি আবদুল্লাহ খান, ছৈয়দ আকবর, রমজান, ইমন, সানি ও ফরহাদসহ ৭-৮ জন সন্ত্রাসী। এ সময় সন্ত্রাসীরা ইমনকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। ছিনিয়ে নেয় মোটরসাইকেল।

পরে গুরুতর আহত অবস্থায় ইমন মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তার মৃত্যু হয়েছে ভেবে পালিয়ে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক ইমনের শারীরিক অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে ইমন মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আসিফুল করিম বলেন, এই ছাত্রলীগ নেতাকে খুন করা হয়েছে। অবিলম্বে ইমনের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। অপরাধ করে কেউ পার পাবে না। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!