জুয়েলার্সের সামনে অ্যাসিড বিক্রি, তিনজনের কারাদণ্ড
টাঙ্গাইলে অবৈধভাবে অ্যাসিড বিক্রির দায়ে তিনজনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে অ্যাসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের পাছ বেথৈর গ্রামের আনন্দ দত্তের ছেলে অনন্ত দত্ত, হেলাল উদ্দিনের ছেলে আব্দুল লতিফ ও করটিয়া ইউনিয়নের নগরজলফৈ গ্রামের কাদের মিয়ার ছেলে চান মিয়া।
আদালতের পিপি এস আকবর খান জানান, ২০১৮ সালের ১৯ জুলাই টাঙ্গাইল শহরের ছয়আনী বাজার এলাকার অনামিকা জুয়েলার্সের সামনে থেকে ৩৫ কেজি নাইট্রিক অ্যাসিডসহ তিনজনকে আটক করে র্যাব। তারা সেখানে অবৈধভাবে অ্যাসিড বিক্রি করছিলেন। আটকের পর তারা অ্যাসিড বিক্রির বৈধ লাইসেন্স দেখাতে ব্যর্থ হন। পরে টাঙ্গাইল সদর মডেল থানায় তাদের বিরুদ্ধে মামলা করেন র্যাবের উপসহকারী পরিচালক মো. নাজিম উদ্দিন।
তদন্ত শেষে ২০১৮ সালের ২০ অক্টোবর তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন টাঙ্গাইল সদর থানার এসআই আনোয়ার হোসেন। মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার এ রায় দেয় আদালত।