ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মা-বাবা-বোন হারানো সেই নবজাতকের দায়িত্ব নিলেন ডিসি

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ০২:২৭, ১৭ জুলাই ২০২২
মা-বাবা-বোন হারানো সেই নবজাতকের দায়িত্ব নিলেন ডিসি
সেই নবজাতকের দায়িত্ব নিলেন ডিসি

ময়মনসিংহের ত্রিশালে এক অন্তঃসত্ত্বা নারী ট্রাকচাপায় মারা যাওয়ার আগে জন্ম দেওয়া শিশুর দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মো. এনামুল হক।

শনিবার (১৬ জুন) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে নগরীর চরপাড়ার লাবিব হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুকে দেখতে গিয়ে শিশুটির চিকিৎসা ও পরবর্তী ভরণপোষণের দায়িত্ব নেন তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আমি ওই শিশুকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। সেখানে গিয়ে শিশুটির চিকিৎসা খরচসহ ভবিষ্যতে যেন কোনো সমস্যা না হয় সেজন্য তার নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট করে দেবো বলেছি।

শনিবার দুপুরে উপজেলার রাইমনি গ্রামের ফকির বাড়ির মোস্তাফিজুর রহমান বাবলুর ছেলে জাহাঙ্গীর আলম (৪০), তার অস্তঃসত্ত্বা স্ত্রী রত্না বেগম (৩০), মেয়ে সানজিদাকে (৬) নিয়ে আল্টাসনোগ্রাফি করাতে ত্রিশালে আসেন। পৌর শহরের খান ডায়াগনোস্টিক সেন্টারের সামনে রাস্তা পারাপারের সময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম ও রত্না বেগম মারা যান এবং ঘটনাস্থলেই রত্না বেগম সন্তান প্রসব করেন।

পরে আহত শিশু সানজিদা ও নবজাতককে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সানজিদাকে মৃত ঘোষণা করে নবজাতককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে, অতিরিক্ত যানজটের কারণে নবজাতককে চুরখাই কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চরপাড়া এলাকায় লাবিব হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন।

লাবিব হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান মিয়া বলেন, শিশুটি এখন সুস্থ আছে। তার পরিবারের কেউ এ মুহূর্তে হাসপাতালে নেই।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!