বাসচাপায় প্রাণ গেল বাঁশিবাদকের
কুমিল্লার লালমাই উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাঁশিবাদক মনির হোসেন মারা গেছেন।
উপজেলার হরিশ্চর এলাকার কুমিল্লা-নোয়খালী মহাসড়কে শনিবার ভোরে এ দুর্ঘটনায় আহত প্যাডবাদক বোরহান উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
মনির জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল গ্রামের তোতা মিয়ার ছেলে। তিনি কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন।
আহত বোরহানের বাড়ি দেবিদ্বার উপজেলায়। মনির ও বোরহান দুজনই ‘দ্য কালচারাল ফাউন্ডেশন অব কুমিল্লা’র সদস্য।
সংগঠনটির সাধারণ সম্পাদক কিশোর কান্তি দে বলেন, ভোর সাড়ে ৪টার দিকে তারা লাকসামের একটি অনুষ্ঠান শেষ করে মোটরসাইকেলে করে কুমিল্লায় ফিরছিলেন। পথে পেছন থেকে একটি বাস মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় মনির ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা বোরহানকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়।
সংগঠনের সদস্য রাসেল দেওয়ান বলেন, ‘মনির ভাই দারুণ বাঁশি বাজাতেন। শো মাতিয়ে রাখতে পারতেন তিনি। কিন্তু তিনি এভাবে চলে যাবেন, ভাবতেও পারিনি।’
লালমাই হাইওয়ে পুলিশ ক্রসিং ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই দুজনকে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে একজন মারা গেছেন বলে তারা শুনেছেন। বাসটি শনাক্তের চেষ্টা চলছে।