নারী পোশাক শ্রমিককে অপহরণ, গণপিটুনিতে ডাকাত নিহত
গাজীপুরের রাজেন্দ্রপুরে হাসি আক্তার নামে এক পোশাক শ্রমিককে অপরহরণের পর মুক্তিপণ আদায়ের আভিযোগে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রাকিব জয়দেবপুর থানার রুদ্রপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
পোশাক শ্রমিক হাসি আক্তার জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রাজেন্দ্রপুর হালডোবা এলাকায় অপর সহকর্মীর বাসায় বেড়াতে যাচ্ছিলেন। এ সময় একদল ডাকাত তাদের পথরোধ করে। পরে ওই ডাকাতেরা সহকর্মী ইলিয়াছ উদ্দিনকে মারপিট করে তার (হাসি) মুখে রুমাল চেপে ধরে স্থানীয় রক্ষিতপাড়ার জঙ্গলে নিয়ে যায়। একটি গাছে বেঁধে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে। সহকর্মী ইলিয়াছ উদ্দিন স্থানীয়দের ঘটনা জানালে স্থানীয়রা জঙ্গলের চারপাশ ঘেরাও করে প্রধান আসামি রাকিবকে আটক করে। অন্যান্যরা পালিয়ে যায়।
খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি ধারালো দা উদ্ধার করে। গুরুতর আহত ডাকাতকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, ঘটনাস্থলে গিয়ে গণপিটুনির শিকার ডাকাতকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।