হাওয়া খেতে নদীর পাড়ে গিয়ে সম্ভ্রম হারালো ১৪ বছরের ছাত্রী
দিনাজপুর ঘোড়াঘাটে তীব্র গরমে বাড়ির পাশে করতোয়া নদীর তীরে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক স্কুলছাত্রী। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঘোড়াঘাট পৌরসভার পূবপাড়া-জোলাপাড়া এলাকায় করতোয়া নদীর পাড়ে এ ঘটনা ঘটে।
গ্রেফতাররা হলেন- জোলাপাড়া এলাকার বিশু চন্দ্র দাসের ছেলে ২৫ বছর বয়সী স্বপন চন্দ্র দাস ও পূর্বপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ২২ বছরের মোরসালিন মিয়া।
ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবার জানায়, বুধবার সন্ধ্যায় ১০ বছরের ফুফাতো বোনকে নিয়ে করতোয়া নদীর তীরে বাতাস খেতে যান ১৪ বছরের ওই স্কুলছাত্রী। সেখানে তাদের সঙ্গে আরেক কিশোর বন্ধুর সঙ্গে দেখা হয়। পরে নদীর তীরে দাঁড়িয়ে গল্প করছিলেন তারা। এ সময় কিশোর বন্ধুকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য করেন স্বপন ও মোরসালিন। একপর্যায়ে পাশে থাকা পাটক্ষেতে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ করেন তারা। পরে সঙ্গে থাকা ফুফাতো বোনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে স্বপন ও মোরসালিন পালিয়ে যান।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, এ ঘটনায় রাতেই মামলা করেছেন ভুক্তভোগী ছাত্রীর বাবা। পরে অভিযুক্তদের গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগীর পরনের কাপড়সহ বেশকিছু সংগ্রহ করা হয়েছে।