জমির বিরোধে বড় ভাইয়ের বুকে ছুরি চালাল ছোট ভাই
কিশোরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন এ ঘটনার পর ঘাতক ছোট ভাই পলাতক রয়েছে।
বুধবার (১৫ জুন) সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের সগড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত চাঁন মিয়া (৪০) ঐ গ্রামের রাজু মিয়ার ছেলে। অভিযুক্ত ভাইয়ের নাম আঙ্গুর মিয়া।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মাদ দাউদ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার (১৫ জুন) সন্ধ্যার দিকে বড় ভাই চাঁন মিয়ার সঙ্গে ছোট ভাই আঙ্গুর মিয়ার কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে আঙ্গুর মিয়া বড় ভাই চাঁন মিয়ার বুকে ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় চাঁন মিয়াকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।