ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

জেলের জালে ধরা পড়ল ২০ কেজির পাঙাশ

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৬, ২৪ মে ২০২২
জেলের জালে ধরা পড়ল ২০ কেজির পাঙাশ
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মা-যমুনা নদীর মোহনায় জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি পাঙাশ মাছ। 

মঙ্গলবার ভোরে স্থানীয় জেলে আবদুস সালাম প্রামাণিকের জালে মাছটি ধরা পড়ে। পরে নিলামের মাধ্যমে ২৫ হাজার টাকায় স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি কিনে নেন।

শাহজাহান শেখ বলেন, রওশন শেখের আড়তঘরে মাছটি দেখে নিলামে অংশ নেই। এ সময় ওই আড়ত থেকে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ২৫ হাজার টাকায় মাছটি কিনি। পরে সকাল ১০টার দিকে ঢাকার এক ব্যবসায়ী ফেরি ঘাট দিয়ে যাওয়ার পথে মাছটি দেখে পছন্দ করেন। তিনি ২৬ হাজার টাকায় মাছটি কিনে নেন। 

জেলে আবদুস সালাম প্রামাণিক জানান, সোমবার রাতে নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যান কয়েকজন। রাতে বড় মাছ না পাওয়ায় সবাই হতাশ হন। ভোরের দিকে পদ্মা-যমুনার মোহনায় শেষবারের মতো জাল ফেলেন তিনি। এ সময় উঠে আসে বড় আকারের পাঙাশ মাছটি।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান বলেন, মিঠা পানির এমন সুস্বাদু বড় পাঙাশ মাছ নদীতে এখন কমই দেখা যায়। এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে বংশবৃদ্ধিসহ আরো বেশি মাছ পাওয়া যেত বলে তিনি জানান।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!