১৯ বছর আত্মগোপন, তবুও রক্ষা পাননি ফাঁসির আসামি
দীর্ঘ ১৯ বছর নিজ জেলা ও বিভাগ ছেড়ে অন্যত্র পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি ফাঁসির আসামি বাগেরহাটের মোরেলগঞ্জের বেলাল ফরাজির (৬০)। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন তিনি।
সোমবার রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ঐ এলাকায় আত্মগোপন করে ছিলেন।
গ্রেফতার বেল্লাল ফরাজি মোড়েলগঞ্জ উপজেলার পূর্ব-বহরবুনিয়া গ্রামের মৃত আব্দুল মজিদ ফরাজির ছেলে।
র্যাব-৬ খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) বজলুর রশীদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার (১০ মে) বিকেলে তাকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০০৩ সালের ১৫ জুলাই মোড়েলগঞ্জ উপজেলার বহরবুনিয়া এলাকায় পূর্বশত্রুতার জেরধরে আসামি বেলাল ফরাজীসহ তার সহযোগীরা স্থানীয় জাফর জোয়াদ্দারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মোড়েলগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। হত্যার পর থেকে পলাতক ছিলেন বেলাল ফরাজী। দীর্ঘ বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত গত ২০১৪ সালের ২৬ জুন বেল্লাল ফরাজিসহ কয়েকজনকে ফাঁসি আদেশ এবং অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। কিন্তু সাজা এড়াতে বেলাল ফরাজী দীর্ঘ দিন পালিয়ে ছিলেন।
র্যাব-৬ খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) বজলুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বেলাল ফরাজী কুমিল্লায় পালিয়ে রয়েছেন। এরপর ঐ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার এবং আইনগত প্রক্রিয়া শেষে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।