ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৯, ৬ মে ২০২২
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
লাশ উদ্ধারের সময় স্থানীয়দের ভিড়। ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় রবিউল ইসলাম ওরফে মেহেরুল নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। চুরি সংক্রান্ত বিষয়ে সন্দেহভাজন হিসেবে তাকে ধরে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শুক্রবার দুপুরে তার লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে, এদিন সকাল ৬ টার দিকে ওই উপজেলার শাকপালা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে নিহতের স্বজনরা এসে পরিচয় নিশ্চিত করেন।

শুক্রবার ভোরেই তাকে হত্যা করা হয় বলে জানায় শাজাহানপুর কৈগাড়ী পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক (এসআই) রাজু কামাল।

নিহত মেহেরুল শাকপালা এলাকায় ভাড়াবাড়িতে থেকে সাইকেল মেকানিকের কাজ করতেন। তিনি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউপির ডামরুল গ্রামের হবিবর রহমানের ছেলে।

জানা গেছে, মেহেরুলের লাশ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাজু নামে একজনকে আটক করেছে পুলিশ। রাজু শাকপালা এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবু তালেব। শুক্রবার সকালে নিজ বাড়ি থেকেই তাকে আটক করে পুলিশ। বর্তমানে তাকে কৈগাড়ী পুলিশ ফাঁড়ীতে রাখা হয়েছে।

এসআই রাজু কামাল জানান, মেহেরুল মাদকসেবন এবং এলাকায় ছোটখাটো চুরি করতেন। শাকপালা এলাকায় চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাকে ধরে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করতে পারেন স্থানীয়রা কিছু লোকজন। তবে এখনি পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

তিনি আরো জানান, লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। তারা ঘটনাস্থলেই আছেন এবং লোকজনকে জিজ্ঞাসাবাদ করছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে জড়িতদের ধরতে অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!