ঈদে ঘুরমুখো মানুষ ছিল ‘লাল সুমন’ বাহিনীর টার্গেট
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ছিনতাইকারী দল লাল সুমন বাহিনীর পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোডের হযরত হাজী ভঙ্গি শাহ মাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।
গ্রেফতাররা হলেন- কিশোরগঞ্জের নিকলী উপজেলার গুড়ই এলাকার মো. মাছুমের ছেলে মো. সুমন, কুমিল্লার দেবীদ্বার উপজেলার এগারগ্রাম এলাকার বাবুলের ছেলে মো. রাসেল, একই জেলার মুরাদনগর উপজেলার যাত্রাপুর এলাকার মো. আব্দুল মোতালেবের ছেলে মো. শরীফ হোসেন সুমন, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বিমল দত্তের ছেলে তপন দত্ত ও কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী এলাকার আতাউর রহমানের ছেলে ইএম রেজাউর রহমান।
র্যাব জানায়, ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্টেশন রোডের হযরত হাজী ভঙ্গি শাহ মাজার এলাকায় সমবেত হয়েছে একদল ডাকাত- এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ছিনতাইকারী দল লাল সুমন বাহিনীর পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, গ্রেফতাররা সবাই ডাকাত ও ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তাদের প্রকাশ্য কোনো জীবিকা নেই। তারা দীর্ঘদিন ধরে রেলস্টেশনসহ শহরের বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখো মানুষ ও ব্যবসায়ীদের টার্গেট করে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে টাকা, স্বর্ণালংকার, মোবাইল ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়াই ছিল তাদের উদ্দেশ্য। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।