সদ্য কৈশোর পেরিয়ে ডাকাতি, আটক ৫
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ধারালো অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। তারা একত্র হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশের দাবি। আটককৃতদের প্রত্যেকের বয়স ১৯ থেকে ২৩ বছরের মধ্যে।
সোমববার দুপুর পর্যন্ত ডাকাতির প্রস্তুতির মামলায় তাদেরকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এর আগে, রোববার রাত দুইটার দিকে ওই উপজেলার আক্কেলপুর সড়কের জিয়ানগর ইউনিয়নের বড়িয়া ব্রিজ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রাম দা, চাইনিজ কুড়াল, হাসুয়া, দুটি চাকু, দুটি লোহার রড, একটি শাবল, দুটি রশি, তিনটি মানকি ক্যাপ ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- জিহাদ হোসেন, কাওছার হোসেন, আলিফ হোসেন, মাশরাফি হোসেন মুরাদ ও সোহেল রানা বাবু। আটকরা সবাই জয়পুরহাট ও নওগাঁ জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার রাতে দুপচাঁচিয়ার বড়িয়া ব্রিজ এলাকায় একটি পিকআপ ভ্যানে প্রায় ১০ জন যুবক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। ওই সময় পুলিশের টহল টিম তাদেরকে থামার জন্য সংকেত দেয়। তখন যুবকরা পিকআপ ভ্যান থামিয়ে দৌঁড়ে পালাতে শুরু করেন। ওই সময় পাঁচজনকে আটক করা হয় এবং আরো ৪-৫ জন পালিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেন যে তারা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। রাতে তারা অস্ত্রসহ সংঘবদ্ধ হয়ে বিভিন্ন সড়কে ডাকাতি করেন।
দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, আটককৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলায় আদালতে পাঠানো হয়েছে। এই চক্রের অস্ত্রের উৎস এবং এ যাবৎ তাদের দ্বারা সংঘটিত অপরাধের তথ্য উদঘাটনের জন্য আটককৃতদের জিজ্ঞাসাবাদের প্রয়োজনে আদালতে রিমান্ড আবেদন করা হবে।