ঢাকা,  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

সড়কের ইট তুলে নিচ্ছেন সাবেক চেয়ারম্যান

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৭, ৭ এপ্রিল ২০২২
সড়কের ইট তুলে নিচ্ছেন সাবেক চেয়ারম্যান
সাবেক চেয়ারম্যানের নির্দেশে তোলা হচ্ছে ইট

ময়মনসিংহের গৌরীপুরে নির্বাচনে হেরে যাওয়ায় সলিংয়ের ইট তুলে নিচ্ছেন পরাজিত চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। উপজেলার ২ নম্বর গৌরীপুর ইউনিয়নের শালীহর গ্রামের মরহুম আফতার উদ্দিন মেম্বারের বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবারও অব্যাহত রয়েছে এ কাজ।

স্থানীয়রা জানায়, চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর গৌরীপুর ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়। নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হন সাবেক চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিলেও পরাজিত হন তিনি। বিজয়ী হন নৌকা প্রতীকের প্রার্থী মো. হযরত আলী।

শালীহর গ্রামের মরহুম আফতার উদ্দিন মেম্বারের বাড়ির সামনের সড়কটি আট মাস আগে নির্মাণ করেন আনোয়ার হোসেন। নির্বাচনে হেরে যাওয়ায় সলিং সড়কর ইট খুলে নেয়ার নির্দেশ দেন তিনি। ইট খুলে নেয়ার নির্দেশ দেওয়ার বিষয়টিও স্বীকার করেন সাবেক এ চেয়ারম্যান।

আনোয়ার হোসেন বলেন, আমি চেয়ারম্যান থাকার সময় এলজিএসপি প্রকল্পের মাধ্যমে এ কাজ করতে চেয়েছিলাম। তফসিল দেওয়ায় সেই প্রকল্পের কাজ সমাপ্ত করা সম্ভব হয়নি। এরপর নির্বাচনে হেরেছি। এ সড়কর অনুমোদন করাতে পারিনি। ১৭ হাজার ইট প্রতিবেশী আব্দুস সালামের কাছ থেকে এনে ছিলাম। তাই তাকে খুলে নেয়ার জন্য বলেছি।

শালীহর গ্রামের জুবেদ আলীর স্ত্রী নুরজাহান বলেন, আমি সড়কর ইট তুলে দিতে পাঁচ হাজার টাকায় চুক্তি করেছি। চেয়ারম্যান নিজে এসে বলার পর ইট তোলা শুরু করেছি।

শালীহর গ্রামের রজব আলীর ছেলে আব্দুল সালাম জানান, তিনি চেয়ারম্যানকে ইট দিয়েছিলেন। চেয়ারম্যান এখন টাকাও দিতে পারছেন না, ইটও দিচ্ছেন না। তিনি বলেছেন তাই ইট খুলে নিচ্ছেন।

তিনি বলেন, নির্বাচনে হেরে যাওয়ার পর সড়কর ইট খুলে ফেলার ঘটনা আমার জীবনেও শুনিনি। এটা দুঃখজনক ঘটনা।

শালীহর গ্রামের স্বপন মিয়া বলেন, আমাদের কাঁচা সড়কই ভালো ছিল। এখন তো এ সড়ক দিয়ে হাঁটাই যাবে না।

আরেক প্রতিবেশী রিপন মিয়া বলেন, ইট তুলে ফেলায় এখন গর্তের সৃষ্টি হয়েছে। ভালো সড়ক খুঁড়ে নষ্ট করা হয়েছে। বাড়ি থেকে এখন গাড়ি নিয়ে বের হওয়াই যাচ্ছে না।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, সড়কর ইট খুলে নেয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সড়কটি সংরক্ষণের জন্য বর্তমান চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে যারা ইট খুলে নিচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!