ফতুল্লায় গণপিটুনিতে যুবক নিহত
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইটখলার শ্রমিকদের গণধোলাইয়ের শিকার আহত যুবক আলমগীর মারা গেছেন।
মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আলমগীর ফতুল্লার লক্ষীনগর এলাকার হযরত আলীর ছেলে।
নিহত আলমগীরের বিরুদ্ধে হত্যা, পুলিশকে ছুরিকাঘাতসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লার বক্তাবলী ইউপির ৪ নম্বর ওয়ার্ড সদস্য ফারুক মেম্বারের সঙ্গে আলমগীরের পূর্ব বিরোধ ছিলো। সেই বিরোধের জের ধরে সোমবার সকালে রাজাপুর এলাকায় হাজি আব্দুল আলীর মালিকানাধীন ঈশা ব্রিক ফিল্ডের কাছে একটি মুদি দোকানে আলমগীর ও ফারুক মেম্বারের মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে ফারুক মেম্বারের মাথায় ছুরিকাঘাত করে আলমগীর। এ সময় দূর থেকে দেখে ফারুক মেম্বারের মালিকানাধীন মারুফা ব্রিকফিল্ড থেকে শ্রমিকরা এগিয়ে এসে আলমগীর হোসেনকে গণধোলাই দেয়। তখন আলমগীরের লোকজনও খবর পেয়ে এগিয়ে এসে সংঘর্ষে লিপ্ত হওয়ার চেষ্টা করলে তাৎক্ষণিক পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এরপর ফারুক মেম্বার ও আলমগীর হোসেনকে দ্রুত হাসপাতালে প্রেরণ করেন।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, এখনো কোনো পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করেনি। তবে পুলিশের কয়েকটি টিম এ বিষয়ে তদন্তে নেমেছেন।