ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

আক্ষেপ ঘুচতে যাচ্ছে অন্ধ প্রদীপের!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪০, ২০ মার্চ ২০২২
আক্ষেপ ঘুচতে যাচ্ছে অন্ধ প্রদীপের!
গায়ক অন্ধ প্রদীপের বাড়িতে ঘর নির্মাণ কাজ শুরু হয়েছে। ছবি: ডেইলি বাংলাদেশ

অবশেষে গায়ক অন্ধ প্রদীপের আক্ষেপ ঘুচতে যাচ্ছে। নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা প্রশাসনের আন্তরিকতায় সরকারি ঘর পাচ্ছে অন্ধ প্রদীপ।

গত ৮ মার্চ তার বাড়িতে ঘর নির্মাণ কাজ শুরু হয়েছে। এরই মধ্যে ৬০ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদার আলী উসমান।

প্রদীপের গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউপির পাইমাসকা গ্রামে। প্রদীপ ওই গ্রামের মৃত তপন পালের একমাত্র ছেলে। তারা ৯ ভাইবোন। 

তিনি জন্মগতভাবে অন্ধ। তার বাবা মারা গেছেন প্রায় ২২ বছর আগে । কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা তার কপালে জুটেনি। ছোটবেলা থেকেই বিভিন্ন হাট বাজার রেল স্টেশনে গান করে মানুষের দেওয়া দান ভিক্ষায় কোনো মতে জীবন জীবিকা চালিয়ে আসছে প্রদীপ।

বাড়িতে একটি ঝুপড়ি ঘরে পরিবার নিয়ে বসবাস তার। করোনা কালীন সময়ে নান্দাইলে গানে গানে তার আক্ষেপের কথা প্রকাশ করে।

তার আক্ষেপের কথা নিয়ে ডেইলি বাংলাদেশে সংবাদ প্রকাশিত হলে তাকে সরকারি ঘর নির্মাণ করে দেওয়ার কথা জানান, কেন্দয়া উপজেলা নির্বাহী  কর্মকর্তা মো. মঈনউদ্দীন খন্দকার।

অন্ধ প্রদীপ মুঠো ফোনে ডেইলি বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান। আবেগ আপ্লূত হয়ে বলেন, ‘আমি পরিবার পরিজন নিয়ে খুবই কষ্টে ছিলাম। বর্ষা কালে ঘরে বৃষ্টির পানি ঢুকতো, রাতে প্রবেশ করতো চাঁদের আলো। পরিবার নিয়ে কোনোদিন বিল্ডিং ঘরে থাকবো কোনদিন কল্পনাও করি নি। তিনি বারবার ডেইলি বাংলাদেশ ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

কেন্দুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান মৃধা জানান, জমি আছে ঘর নেই এই ক্যাটাগরিতে প্রদীপের মায়ের নামে থাকা ২ শতক জমিতে ১ লাখ ৭১ হাজার টাকা বরাদ্দে তাকে সেমি পাকা  ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। ঘরে দুটি থাকার রুম সহ সামনে পেছনে বারান্দা থাকবে। পেছনের বারান্দায় টয়লেট ও রান্না ঘর নির্মাণ হবে।

এ বিষয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনউদ্দীন খন্দকার জানান, অন্ধ প্রদীপের মতো ব্যক্তিরাই সরকারের এই ঘর গুলো পাওয়ার যোগ্য। এই সব মানুষেরা কোনদিন একটি সেমি পাকা বাড়ি নির্মাণ করে থাকার সার্মথ্য নেই। উপজেলা প্রশাসন ঘর করে দিতে পেরে ধন্য মনে করছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!