নালিতাবাড়ীতে বন্যহাতির তাণ্ডব
শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতির অব্যাহত তাণ্ডবে চলতি বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রোববার গভীর রাতে বন্যহাতি উপজেলার সীমান্তবর্তী বারমারী এলাকার আন্ধারুপাড়া ও ডালুকোনা গ্রামে তাণ্ডব চালায়।
স্থানীয় কৃষকরা জানান, রোববার রাত দুইটার দিকে ৩০-৪০টির বন্যহাতির দল খাবারের সন্ধানে পাহাড়ের ঢালে আন্ধারুপাড়া ও ডালুকোনা গ্রামের বোরো ফসলের মাঠে নেমে আসে। এ সময় উঠতি বোরো ধানের ক্ষেত খেয়ে ও পা দিয়ে মাড়িয়ে নষ্ট করে দেয়। এতে কৃষক লুইস সাংমার ৫০ শতাংশ, হাসমত আলীর ৫০ শতাংশ, জর্জ মারাকের ৭৫ শতাংশ, হালিম উদ্দীনের ৫০ শতাংশ, হোসেন আলীর ৭৫ শতাংশ, লিটন মিয়ার ৫০ শতাংশ, জন মারাকের ৪০ শতাংশ, প্রশান্ত সাংমার ২৫ শতাংশ, অমিত সাংমার ২৫ শতাংশ, ইন্তাজ আলীর ২০ শতাংশ, চাঁন মিয়ার ১৫ শতাংশ ও শাহাব উদ্দিনের ১ একর জমির ধান ক্ষেত খেয়ে ও পা দিয়ে মাড়িয়ে নষ্ট করে দেয়। উঠতি বোরো ধানের ক্ষেত খেয়ে ফেলায় কৃষক হতাশায় পড়েছেন। তারা বন্যহাতির তাণ্ডব বন্ধসহ সরকারি সহযোগিতার দাবি জানান।

নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবির বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা প্রস্তুত করে তাদেরকে প্রণোদনার আওতায় আনা হবে।
এ ব্যাপারে বন বিভাগের মধুটিলা ইকোপার্ক রেঞ্জ কর্মকর্তা আবদুল করিম বলেন, বন বিভাগের নির্ধারিত ফরমে ক্ষতিপূরণের আবেদন সাপেক্ষে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে।