ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রেমিককে ‘কুসুম ভিলায়’ ডেকে নিয়ে দুই বোনের কাণ্ড

সাভার (ঢাকা) প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:৪০, ৯ মার্চ ২০২২
প্রেমিককে ‘কুসুম ভিলায়’ ডেকে নিয়ে দুই বোনের কাণ্ড
এক তরুণকে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগে দুই তরুণীকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ ফাইল ছবি

ঢাকার আশুলিয়ায় ফেসবুকে প্রেমের পর এক তরুণকে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগে দুই তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শ্যামলেন্দু ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার দুপুরে জরুরি সেবা ৯৯৯-এ ফোনে ওই তরুণকে উদ্ধার ও দুই তরুণীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন লিপি বেগম এবং সীমা বেগম। তাদের বাবার নাম ইউসুফ আলী। বর্তমান গাজীরচট আশুলিয়ার ওই বাসায় থাকেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের পুরুষ দুই সহযোগী পালিয়ে যায়। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা করা হয়েছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শ্যামলেন্দু ঘোষ জানান, মঙ্গলবার দুপুরে একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করে বলেন, তার বন্ধু-বান্ধবীর সঙ্গে দেখা করতে ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকায় গিয়েছিলেন। এ সময় তার বন্ধুর মোবাইল থেকে তাকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। পরে টাকা পাঠানোর জন্য একটি বিকাশ নম্বর দেওয়া হয়েছে। টাকা না পাঠালে তার বন্ধুকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

আটক হওয়ার আগে তার বন্ধু হোয়াটসঅ্যাপে তার অবস্থানস্থল গুগল ম্যাপে পাঠিয়েছিলেন। সেই অনুযায়ী কলার জানান, তার বন্ধু আশুলিয়া থানার বাইপাইল ন্যাশনাল ব্যাংকের পেছনে একটি ভবনে আটক আছেন। এ ঘটনার সংবাদ পেয়ে আশুলিয়া থানার একটি পুলিশ ঘটনাস্থলে যায়। তারা ঘটনাস্থলে গিয়ে আটকে রাখা বাড়িটি চিহ্নিত করেন। সেটি ছিল গাজীরচটে তাহের পাটোয়ারীর বাড়ি ‘কুসুম ভিলা’। এরপর বাড়িটিতে অভিযান চালিয়ে ভুক্তভোগী সোলায়মান হককে উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ঢাকা
লিংক সফলভাবে কপি হয়েছে!