ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মৌজা ম্যাপের রাস্তা দখল, ভোগান্তিতে ২৯২ পরিবার 

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৯, ২২ ফেব্রুয়ারি ২০২২
মৌজা ম্যাপের রাস্তা দখল, ভোগান্তিতে ২৯২ পরিবার 
খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করেন ২৯২ পরিবার ও আসানখালী উন্নয়ন কমিটি ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনার ডুমুরিয়ায় সরকারি মৌজা ম্যাপের রাস্তা অবৈধভাবে দখল রাখায় ভোগান্তিতে রয়েছে ২৯২ টি পরিবার। রাস্তা অবৈধভাবে দখল রাখায় প্রতিবাদে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন ২৯২ টি পরিবার ও আসানখালী উন্নয়ন কমিটির পক্ষে সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, সরকারি মৌজা ম্যাপের রাস্তা অবৈধভাবে দখল রাখায় আমরা খুলনার ডুমুরিয়ার চক-আসানখালী মৌজার ২৯২ পরিবার চরম ভোগান্তিতে রয়েছি। আমাদের চলাচলের রাস্তা সরকারি মৌজা ম্যাপে রাস্তা হিসাবে আর, এস ১৩২৮ দাগে রেকর্ড ও আলাদা দাগ কেটে রাখা আছে। যা আমরা রাস্তা হিসেবে ব্যবহার করতে চাইলে ইলিয়াস লস্কর ও তার স্ত্রী পারভেজ আক্তার, মেহেরুন্নেছা ও মিজানুর রহমান বাধা প্রদান করেন ও নানা রকম হুমকী ধামকী প্রদান করেন। 

এ মৌজা ম্যাপ অনুযায়ী রাস্তা হলে আপত্তিকারীদের জমির পরিমাণ দলিল অনুযায়ী ঠিক থাকে। যেহেতু রাস্তা করা হলে জমির দলিল অনুযায়ী পরিমাণ ঠিক থাকে, তাই রাস্তা বাদে গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে সীমানা নির্ধারণ পূর্বক নির্ধারণ পিলার করে রাখা হয়েছে। যার মধ্যে দলিলে পাওনা জমিটুকু বর্তমানে আছে । তবুও মিজান সাহেব বাধা প্রদান করেন ও নানা রকম হুমকী প্রদান করেন ৷ 

সরেজমিনে সরকারি সার্ভেয়ার কর্তৃক মৌজা ম্যাপ মেপে স্কেস করে দিয়েছে। গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে মেপে সহি স্বাক্ষর করা হয়। কিন্তু তাদেরকে (জমির মালিকগণকে) জমি মাপার সময় বার বার ডাকা সত্ত্বেও তারা হাজির হয়নি। পরবর্তীতিতে বিষয়টি নিয়ে তাদের সঙ্গে দেখা করলে তারা রাস্তার জায়গা ছেড়ে দেবেন না বলে সাফ জানিয়ে দেন।

তিনি আরো বলেন, ক্ষমতার দাপটে প্রভাবশালীরা রাস্তাটি দখল করে রাখায় আমরা ২৯২ টি পরিবারের এক হাজারেরও বেশি জনগণ সম্পূর্ণ রাস্তা ঠিক হওয়া সত্ত্বেও সংযোগটুকু না থাকায় মেইন রোডে উঠতে পারছিনা। এই ২৯২ টি পরিবারের মধ্যে ৫ জন বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন। যাতায়াতের একমাত্র ভরসা এই রাস্তাটি দখল করে রাখায় অনেকে জমিতে বাড়ি ঘর করতে পারছেন না।

এ বিষয়টি নিয়ে আমরা বিভিন্ন দফতরে আবেদন করেছি যাতে দখলদারী ব্যক্তিদের অযৌক্তিক ও বে-আইনী ক্ষমতা প্রয়োগ হতে আমরা বাঁচতে পারি ও বন্দী অবস্থা থেকে মুক্ত হয়ে মেইন রোডে উঠতে পারি।

অচিরেই আমরা রাস্তার দাবিতে বিক্ষোভ, মানববন্ধনসহ আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান।

সাংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খাঁ, ইয়াসিন খন্দকার, মঞ্জুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত সার্জেন্ট ইমনসহ আসানখালী উন্নয়ন কমিটির সদস্যরা।

এ বিষয়ে অভিযুক্ত ইলিয়াস লস্করের ব্যবহৃত নম্বরে ফোন দিলে তিনি বিষয়টি নিয়ে পরে কথা বলবেন বলে জানান।

অভিযুক্ত মিজানুর রহমান বলেন, সরকারি ম্যাপে এরকম জায়গা নেই। এটা হলো লস্কর ও আমাদের জমি। আমরা দুইজন রাস্তায় বের হওয়ার জন্য ম্যাপের একটি জায়গা চিহ্নিত করে রেখেছি। ম্যাপে যে রাস্তাটি তারা দেখাচ্ছে তা আমাদের ব্যক্তিগত রাস্তা। এটা সরকারি রাস্তা নয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!