ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

‘এমন ধুমধাম বিয়ের আয়োজন হবে, আগে ভাবতে পারিনি’

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৮, ২০ জানুয়ারি ২০২২
‘এমন ধুমধাম বিয়ের আয়োজন হবে, আগে ভাবতে পারিনি’
রিপা খাতুন-রতন আলী দম্পতি (ছবি: সংগৃহীত)

রাজশাহীর বাগমারা উপজেলার দৌলতপুর গ্রামের রিপা খাতুন। ছোটবেলায় বাবা হারিয়েছেন তিনি। বছর ছয়েক আগে মায়ের মৃত্যু হয়। অনাথ রিপার ঠাঁই হয় স্থানীয় ‘মদিনাতুল মনোয়ারা বালিকা হাফেজিয়া কওমি মাদরাসা ও লিল্লাহ বোডিং’ নামের একটি প্রতিষ্ঠানে। সেখানে তার থাকা ও পড়াশোনার ব্যবস্থা করা হয়। 

মাদরাসা কর্তৃপক্ষ ও গ্রামের লোকজন মিলে ধুমধাম করে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রিপার বিয়ে দেন। পাত্র পাশের ভরট্ট লিখড়াপাড়া গ্রামের রতন আলী।

যে মাদরাসায় রিপার বেড়ে ওঠা, তার পাশেই বিয়ের আয়োজন করা হয়। বিয়ে উপলক্ষে মাদরাসার কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন নিজ উদ্যোগে লক্ষাধিক টাকা দামের একটি ষাঁড় ও ছাগল কেনেন। সুন্দর করে সাজানো হয় অনুষ্ঠানস্থল। খাবারের তালিকায় ছিল পোলাও, মাংস ও মিষ্টি।

বিয়েতে আসা স্থানীয় বাসিন্দা ইসাহাক আলী বলেন, তাদের এলাকায় এত বড় আয়োজনে বিয়ে কমই হয়েছে। স্থানীয় সবার সহযোগিতায় সবকিছু সম্ভব হয়েছে।

এই বিয়ে অনুষ্ঠানের প্রধান আয়োজক স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী মোজাম্মেল হক বলেন, তিনি রিপাকে নিজের মেয়ের মতো দেখেন। নিজ দায়িত্বে তিনি এলাকার লোকজনের সহায়তা নিয়ে রিপার বিয়ের ব্যবস্থা করেন।

আরো পড়ুন: একসঙ্গে চলাফেরা করা তিন বন্ধুর মৃত্যুও হলো একসঙ্গে

কনে রিপা খাতুন বলেন, এমন ধুমধাম বিয়ের আয়োজন হবে, আগে ভাবতে পারিনি। মাদরাসা ছুটি হলে সব শিক্ষার্থী বাড়িতে যেত। আমার যাওয়ার কোনো জায়গা ছিল না। মা-বাবা ও আপনজন না থাকায় মাদরাসাকে ঠিকানা হিসেবে ব্যবহার করতাম।

বর রতন আলী বলেন, আমি সব জেনেই রিপাকে বিয়ে করিছি। এমন মেয়েকে বউ হিসেবে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করছি।

ডেইলি-বাংলাদেশ/আরএডি
লিংক সফলভাবে কপি হয়েছে!