নীলগাইটি এসেছিল ভারত থেকে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভারত থেকে আসা একটি পুরুষ নীলগাই ধরা পড়েছে। শুক্রবার বিকেলে ঐ উপজেলার বৈরচুনা সীমান্তের দক্ষিণ মাধবপুর চৌরাস্তায় গাইটিকে ধরে বেঁধে রাখে স্থানীয়রা। পরে বিজিবি গাইটিকে উদ্ধার বৈরচুনা ক্যাম্পে নিয়ে যায়।
বৈরচুনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক জানান, বিকেলে একটি পুরুষ নীল গাই ভারত থেকে বৈরচুনা ইউনিয়নের জগন্নাথপুর শালবন দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। স্থানীয়রা গাইটিকে ধরার জন্য ধাওয়া করে। ধাওয়ায় প্রাণীটি দৌড়ে দক্ষিণ মাধবপুর চৌরাস্তায় গেলে লোকজন ঘিরে ফেলে। পরে নীলগাইটিকে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে ফেলা হয়।
বিজিবি’র বৈরচুনা ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার তুষার জানান, স্থানীয়দের আটক করা একটি পুরুষ নীলগাই উদ্ধার করে ক্যাম্পে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
পীরগঞ্জের ইউএনও রেজাউল করিম বলেন, মাধবপুরে একটি নীলগাই পাওয়া গেছে এমন খবর পেয়ে আমি সেখানে যাই। উপজেলা প্রাণী চিকিৎসককে দেখানো হয়েছে। বর্তমানে নীল গাইটি সুস্থ রয়েছে। নীল গাইটিকে বিজিবির হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।