অটোরিকশা-সিএনজির দখলে বাস টার্মিনাল
ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশের মতো নওগাঁ জেলাতেও চলছে ধর্মঘট। সকাল ৬টা থেকে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস ও ট্রাক চলাচল। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
এদিকে, বাস বন্ধ থাকায় টার্মিনাল দখলে নিয়েছে ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিকশা চালকরা। অতিরিক্ত ভাড়ায় যাত্রী নিয়ে গন্তব্যে ছুটছে তারা।
সরেজমিনে দেখে গেছে, নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড ও বালুডাঙা বাসস্ট্যান্ডে সকাল থেকেই সারিবদ্ধভাবে রাখা হয়েছে বাসগুলো। কোনো বাসই যাত্রী নিয়ে টার্মিনাল ছাড়েনি। অনেক বাস কাউন্টারের সামনে যাত্রীদের ভিড় করতে দেখা গেছে। কিন্তু বাস না পেয়ে অভ্যন্তরীণ রুটে অটোরিকশায় বাড়তি ভাড়া দিয়ে যেতে হচ্ছে তাদের।
যাত্রীরা জানান, বাস বন্ধের সুযোগে অটোরিকশাগুলো ভাড়া বাড়িয়ে দিয়েছে। জেলা শহর থেকে মহাদেবপুর উপজেলার ভাড়া বৃহস্পতিবার পর্যন্ত ছিল ৪০ টাকা, শুক্রবার সকাল থেকে তা হয়েছে ৫০ টাকা, মান্দার পাজরভাঙা এলাকার ভাড়া ছিল ৫০ টাকা, এখন ৬০ টাকা। এভাবে স্থানভেদে ১০-২০ টাকা বেশি ভাড়া গুণতে হচ্ছে ভুক্তভোগী যাত্রীদের।

এদিকে, নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ পরীক্ষা দিতে আসা কয়েকজন জানান, বাস না থাকায় দূর-দূরান্ত থেকে পরীক্ষা দিতে আসতে অনেক কষ্ট হয়েছে। আশপাশের লোকজন অটোরিকশা-সিএনজি নিয়ে এসেছে। এছাড়া দূরের অনেকেই মাইক্রোবাস ভাড়া করে এসেছে। এতে ভোগান্তির পাশাপাশি অতিরিক্ত টাকা খরচ করতে হয়েছে।
নওগাঁ ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ ফরিদ বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক ট্রাক চলাচল স্থগিত রয়েছে।
নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদাক মতিউজ্জামান মতি বলেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক জেলার অভ্যন্তরীন এবং দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।