ট্রাকের ভারে ভেঙে পড়ল সেতু
জামালপুরের সরিষাবাড়ীতে বেইলি সেতু ভেঙে ট্রাক খাদে পড়ে গেছে। এতে দুজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলার কয়েকটি গ্রামের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
বুধবার ভোরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সীমান্তবর্তী সরিষাবাড়ী-মালিপাড়া-কাজিপুর-মুনসুরনগর যাওয়ার প্রধান সড়কের ব্রাহ্মণজানি বাজার এলাকার এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, জামালপুর থেকে চার শতাধিক সিমেন্টের বস্তা নিয়ে আসা ট্রাকটি ব্রিজের ওপর ওঠে। এতে সেতু ভেঙে খালে পড়ে যায়। এ সময় ট্রাকচালক ও হেলপার গুরুতর আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, এটি একটি ঝুঁকিপূর্ণ সেতু। এ সেতু দিয়ে পাঁচ টনের ওপর মালামাল নেয়া নিষেধ ছিল। কিন্তু গাড়িতে অতিরিক্ত লোড থাকার কারণে ভেঙে পড়েছে। এ এলাকায় বসবাসরত হাজারো মানুষের উপজেলার সঙ্গে যোগাযোগের একমাত্র রাস্তা এটি। এক বছর আগের বন্যায় প্রবল স্রোতের কারণে এখানকার একটি কালভার্ট ভেঙে যাওয়ার পর এখানে এ লোহার বেইলি সেতুটি করা হয়। এখন আমাদের এলাকার হাজারো মানুষ দুর্ভোগে পড়েছেন। তাই যত দ্রুত সম্ভব সেতুটি মেরামত করা হোক।
জামালপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, অতিরিক্ত মালামাল বোঝাই করে ট্রাক যাওয়ার কারণে সেতুটি ভেঙে পড়েছে। এরই মধ্যে সেতুটি মেরামতের জন্য লোক পাঠানো হয়েছে। যত দ্রুত সম্ভব এটা মেরামত করা হবে। এমনকি অতিরিক্ত মালামাল বোঝাই করার কারণে ট্রাক মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।