ঘরবন্দি পাঁচ বছর, শিকল খুলতেই বড় বোনকে প্রাণে মারলেন ভাই
বগুড়ার নন্দীগ্রামে মানসিক প্রতিবন্ধী ছোট ভাইয়ের লাঠির আঘাতে ৪২ বছর বয়সী বড় বোন আজমি আরা নিহত হয়েছেন। এ ঘটনার পর মানসিক প্রতিবন্ধী ২৩ বছরের ভাই মোকছেদ আলীকে বাড়িতেই শিকলে বেঁধে রাখা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজমি আরা একই গ্রামের সুমন মিয়ার স্ত্রী ও কোরবান আলীর মেয়ে।
স্থানীয়রা জানায়, মানসিক প্রতিবন্ধী হওয়ায় পাঁচ বছর ধরে একই গ্রামে বড় বোনের বাড়িতে ছিলেন মোকছেদ আলী। সেখানে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। শুক্রবার তাকে গোসল করানোর জন্য শিকল খুলে দেন বড় বোন আজমি আরা। এরপর তিনি সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়েন। কিছু সময়ের জন্য সুযোগ পেয়েই মোটা লাঠি নিয়ে বড় বোনের মাথায় আঘাত করেন মোকছেদ। এতে আজমি আরা গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন স্বজনরা। সেখানে নেয়ার পর তিনি মারা যান। এ ঘটনার পর মোকছেদ আলীকে আবারো শিকল দিয়ে বেঁধে রাখা হয়।
নন্দীগ্রাম থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবারের কেউ অভিযোগ করেনি। এছাড়া মোকছেদ আলী মানসিক প্রতিবন্ধী।