পরিত্যক্ত শৌচাগারে মোটর চুরি করতে গিয়ে লাশ হলো কিশোর
নরসিংদীর মাধবদীতে পরিত্যক্ত শৌচাগারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে মাধবদীর মহিষাশুড়া ইউনিয়নের বালুসাইর এলাকার ওই শৌচাগার থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, পরিত্যক্ত ওই শৌচাগারটি স্থানীয় বকুল ভূঁইয়া নামে এক ব্যক্তির। পরিত্যক্ত হলেও তাতে পানি উত্তোলনের জন্য ব্যবহৃত একটি মোটর পড়ে ছিল। বৈদ্যুতিক তারের মাধ্যমে ওই মোটরের সঙ্গে বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল। শুক্রবার রাতের কোনো এক সময়ে ওই কিশোর মোটরটি চুরি করার উদ্দেশ্যে সেখানে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। এরপর সেখানেই মরে পড়ে ছিল ওই কিশোর। শনিবার সকাল ১০টার দিকে পরিত্যক্ত ওই শৌচাগারে তারে জড়িয়ে থাকা অবস্থায় পড়ে থাকতে দেখেন বাড়িটিতে বসবাস করা কয়েকজন ব্যক্তি ও স্থানীয় লোকজন।
পরে মাধবদী থানাকে এ ঘটনা জানানো হলে দুপুরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মাধবদী থানার এসআই জাহিদুল ইসলাম বলেন, পরিত্যক্ত ওই শৌচাগারে থাকা মোটরটি চুরির জন্যই হয়তো ঘটনাস্থলে এসেছিল ওই কিশোর। ওই মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তার। আমরা তার পরিচয় জানার চেষ্টা করছি।