[ দেশজুড়ে ]
সাপাহারে ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
ফাইল ছবি
নওগাঁর সাপাহারে ট্রাক্টরের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে সাপাহার-আগ্রাদ্বিগুন রাস্তার চৌধুরী পাড়ার কাছে দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাইকেল আরোহী অনিল পত্নীতলার গোবিন্দবাটি গ্রামের নালু রবিদাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে অনিল রবিদাস বাড়ি থেকে বের হয়ে সাপাহারের চৌধুরীপাড়ার রাব্বানীর সারের দোকানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহী অনিল রবিদাস ঘটনাস্থলেই পড়ে গিয়ে জ্ঞান হারান।
এসময় স্থানীয়রা ঘাতক ট্রাক্টর ও ড্রাইভারকে আটক করে স্থানীয় ইউপি সদস্য মিজানুর চৌধুরী’র জিম্মায় রেখে আহত অনিল রবিদাসকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক অনিলকে মৃত ঘোষণা করেন।
সাপাহার থানার ওসি তারেকুর রহমান সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক ড্রাইভারকে আটক করে ও ট্রাক্টরটি আটক করা হয়। ঘাতক ড্রাইভার সাপাহার উপজেলার মানিকুড়া উত্তর পাড়ার আবুলের ছেলে সোহেল রানা বলে জানা গেছে।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!