গায়ে ধাক্কা লাগায় কথা কাটাকাটি, ছুরিকাঘাতে খুন
চট্টগ্রামে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে মো. নুরুল হক নামে এক অটোরিকশাচালক খুন হয়েছেন।
বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, দুপুরে নগরের চান্দগাঁও থানার বাদুরতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুল হক নগরের বাকলিয়ার মিয়াখান এলাকার বাসিন্দা। চান্দগাঁও থানার খাজা রোড পাক্কার দোকান এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।
এদিকে, এ ঘটনায় অভিযুক্ত মো. জনিকে গ্রেফতার করেছে পুলিশ। জনি নগরের শুলকবহর এলাকার বাসিন্দা।
পাঁচলাইশ থানার ওসি জাহিদুল কবীর বলেন, অটোরিকশা রেখে দোকানে চা খেতে গিয়েছিলেন নুরুল হক। সেখানে জনির সঙ্গে ধাক্কা লাগলে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে নুরুল হককে ছুরিকাঘাত করেন জনি। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।
ওসি আরো বলেন, অভিযুক্ত জনি এলাকার চিহ্নিত বখাটে। নুরুল হকের স্ত্রীর করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।