ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কমলগঞ্জে ছাত্রদলনেতাসহ আটক ৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৭, ১০ জুলাই ২০২১
কমলগঞ্জে ছাত্রদলনেতাসহ আটক ৬
আটককৃত ব্যক্তি: ছবি সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জে দু’পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনায় উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদকসহ ৬ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার শ্রীরামপুর নয়াবাজারে প্রথম দফা হামলায় আব্দুল মুকিত (কাতার প্রবাসী) আহত হয়ে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এর জের ধরে শুক্রবার জুমার নামাজ শেষে মইদাইল এলাকায় আব্দুল মুকিতের স্বজনরা প্রতিপক্ষের ওপর হামলা চালায়। পৃথক হামলার ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার শ্রীরামপুর নয়াবাজারে ও শুক্রবার দুপুর দেড়টায় মুন্সিবাজার ইউনিয়নের মইদাইল এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টায় পূর্ববিরোধের জেরে শ্রীরামপুর নয়াবাজারে আব্দুল মুকিতের ওপর হামলা করে একই এলাকার হেলাল আহমেদ, মুহিত, সিপার উদ্দিন ও শাহজাহান। এ ঘটনায় মুকিত গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর জেরে শুক্রবার দুপুরে মুকিত ও হেলালের লোকজন মুন্সীবাজার ইউনিয়নের মইদাইল জামে মসজিদে জুমার নামাজের সময় দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালাতে গেলে স্থানীয়রা তাদের দুই পক্ষের লোকজনকে আটক করে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পতনঊষার ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুর রশীদের ছেলে হেলাল আহমদ চৌধুরী ও মুহিত মিয়া, একই ইউনিয়নের চাঁনপুর গ্রামের মোজাম্মেল মিয়ার ছেলে রাসেল মিয়া, একই গ্রামের সিজিল মিয়ার ছেলে সজিব আহমেদ, বশির মিয়ার ছেলে আলমগীর মিয়া এবং হাসপাতাল থেকে আব্দুল মনিরের ছেলে আব্দুল মুকিতকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

এ ব্যাপারে আহত আব্দুল মুকিত বলেন, কিছুদিন আগে আমি প্রবাস থেকে দেশে ফিরেছি। বৃহস্পতিবার রাতে শ্রীরামপুর নয়াবাজারে আমাকে একা পেয়ে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক হেলাল আহমদের নেতৃত্বে মুহিত, সিপার ও শাহজানরা সংঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা করে। আমি চিকিৎসাধীন থাকা অবস্থায় আবারো শুক্রবার তারা হামলা চালানোর চেষ্টা করে।

এ বিষয়ে কমলগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম ৬ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা খবর দিলে পুলিশ ৬ জনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!