বিনাটিকিটে রেল ভ্রমণ, ৫০০ যাত্রীকে নামিয়ে দিলেন কর্মকর্তা
বিনাটিকিটে ট্রেনে ওঠায় ৫০০ যাত্রীকে নামিয়ে দিয়েছেন রেলওয়ের পাকশী বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (এসিও)। ১৩টি স্টেশনে অভিযান চালিয়ে এসব যাত্রীকে নামানো হয়।
শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন পাকশী বিভাগীয় রেলওয়ের এসিও সাজেদুল ইসলাম বাবু।
এর আগে, বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত ঢাকা-চিলাহাটি-ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে এ অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন স্টেশন থেকে উঠে পড়া ৫৩ যাত্রীর কাছ থেকে ভাড়াসহ জরিমানাও আদায় করা হয়েছে।
অভিযানের স্টেশনগুলো হলো- মুলাডুলি, নাটোর, আহসানগঞ্জ, সান্তাহার, আক্কেলপুর, জয়পুরহাট, বিরামপুর, ফুলবাড়ী, পার্বতীপুর, সৈয়দপুর, নীলফামারী, ডোমার ও চিলাহাটি।
এসিও সাজেদুল ইসলাম বাবু জানান, স্বাস্থ্যবিধি মেনে ঈশ্বরদীর মুলাডুলি থেকে চিলাহাটি পর্যন্ত ১৩টি স্টেশনে টিকিটবিহীন কোনো যাত্রীকে ট্রেনে উঠতে দেয়া হয়নি। এ সময় বিনাটিকেটে ট্রেনে চড়ার দায়ে ৫৩ যাত্রীর কাছ থেকে ভাড়াবাবদ ২৩ হাজার ও জরিমানা বাবদ ১৫ হাজার সর্বমোট ৩৮ হাজার টাকা আদায় করা হয়।
তিনি বলেন, করোনাকালে সরকারি নির্দেশনা মেনে যাত্রীদের ট্রেন ভ্রমণ নিশ্চিতকল্পে অভিযান চলমান থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক আব্দুল আলিম বিশ্বাস মিঠু, মার্টিন জয় মণ্ডল, মোস্তাফিজ রানাসহ রেলওয়ে কর্মচারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।