ভাই-ভাবি মারধর করায় অপমানে বরই গাছে ফাঁস দিলেন বৃদ্ধা
ভাই ও ভাবি মারধর করায় অপমানিত হয়ে বরই গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক বৃদ্ধা। দুপুরে বাড়ির পাশের বরই গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার ঢাকার ধামরাইয়ের আমতা ইউনিয়নের বাউখন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই বৃদ্ধার নাম ফুলবানু। তার বয়স ৬৫ বছর। তিনি উপজেলার আমতা ইউনিয়নের বাউখন্ড এলাকার মৃত মেন্দু বেপারীর মেয়ে।
স্থানীয়সূত্রে জানা গেছে, ১৫ বছর আগে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায় ফুলবানুর। তার বাড়িতে তার ভাই মতিয়ার রহমান মতি ও তার স্ত্রী নিলুফা আক্তার বসবাস করে। বৃহস্পতিবার দুপুরে ভাই মতিয়ার রহমান এবং তার স্ত্রী নিলুফার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় ফুলবানুর। এসময় তার ভাই ও ভাবি তাকে মারধর করেন। পরে এলাকাবাসী এসে তাদের ঝগড়া থামিয়ে দেয়।
পরদিন সকালে বাড়ির বরই গাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে ধামরাই থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
এ প্রসঙ্গে ধামরাই থানার এসআই মুজিবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।