একজনের পেট থেকেই বের হলো ৬০০ ইয়াবা
গাজীপুরের শ্রীপুরে ১ হাজার ৬০০ ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় এক মাদক ব্যবসায়ীর পেটের ভেতর থেকে বিশেষ প্রক্রিয়ায় ৬০০ ইয়াবা বের করেছে পুলিশ। শনিবার বিকেলে এ তথ্য জানান গাজীপুর ডিবি পুলিশের ওসি মো. আমির হোসেন।
আটককৃতরা হলেন, ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিয়াদিয়া ডুবালিয়াপাড়া গ্রামের আমান উল্লাহর ছেলে মো. কামাল হোসেন, একই উপজেলার বাটাজোড় গ্রামের আব্দুল করিম মিয়ার ছেলে ফারুক মিয়া, ফুলবাড়ীয়া উপজেলার বাশদ্দী গ্রামের রফিকুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম ও গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার খাইলকুর এলাকার আবুল হোসেনের ছেলে রাশেদুল আলম।
গাজীপুর ডিবি পুলিশের এসআই বিজন বৈদ্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের মধ্যে কামালের কাছ থেকে ৬০০, ফারুকের কাছ থেকে ৩০০ ও তরিকুলের কাছ থেকে ১০০ ইয়াবা উদ্ধার করা হয়।
পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তরিকুল জানায়, প্লাস্টিকে মোড়ানো অবস্থায় তার পেটের ভেতর আরো ৬০০ ইয়াবা রয়েছে। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে চিকিৎসকের মাধ্যমে রাত ৮টার দিকে পেট থেকে বিশেষ প্রক্রিয়ায় প্লাস্টিকে মোড়ানো আরো ৬০০ ইয়াবা উদ্ধার করা হয়।
গাজীপুর ডিবি পুলিশের ওসি মো. আমির হোসেন জানান, এ বিষয়ে গাজীপুরের শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।