ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

সৌন্দর্য পিপাসুদের বিনোদন কেন্দ্র ‘অবকাশ’

বেলাব (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩২, ১৯ মে ২০২১
সৌন্দর্য পিপাসুদের বিনোদন কেন্দ্র ‘অবকাশ’
দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র ‘অবকাশ’

আড়িয়াল খাঁ নদের তীরে নরসিংদীর বেলাব উপজেলা কমপ্লেক্স ভবনের মূল ফটকের বিপরীত পাশে মনোরম পরিবেশে পথচারী, দর্শনার্থী ও কর্মব্যস্ত মানুষের অবসরে নদ ও প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে যাওয়ার দৃষ্টিনন্দন কেন্দ্র ‘অবকাশ’। 

২০১৫ সালে নির্মিত অপার সৌন্দর্য মণ্ডিত এই অবকাশ কেন্দ্র বর্তমানে সৌন্দর্য পিপাসুদের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। 

মূলত দূর দূরান্ত থেকে বিভিন্ন কাজে ও বেড়ানোর উদ্দেশ্যে উপজেলায় আসা অতিথি ও সাধারণ মানুষদের প্রশান্তি লাভ ও প্রকৃতির রূপ উপভোগ করতেই বেলাব-পোড়াদিয়া সড়কের পাশে নির্মিত হয়েছে চমৎকার এ অবকাশ কেন্দ্রটি। 

ক্লান্ত পথিকের ক্লান্তি দূর করতে, মানসিক উৎফুল্ল সাধনে, কর্মব্যস্ততার মাঝে একটু বিশ্রাম নিতে, অবসরে নিঃস্বর্গের রূপে মুগ্ধ হতে আধুনিক নির্মাণশৈলী আর উপযুক্ত স্থানে এপার-ওপারের দৃশ্যলীলার মাঝে দক্ষিণ-পূর্বমুখী এ কেন্দ্রটি অবস্থিত। 

তৎকালীন ডিসি আবু হেনা মুর্শেদ জামানের নির্দেশে ইউএনও সুলতানা রাজিয়ার তত্ত্বাবধানে নির্মিত হয় এ বিনোদন কেন্দ্রটি। বেলাব উপজেলা পরিষদের অর্থায়নে ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় এটি। শীতকালে অবকাশ কেন্দ্রে প্রভাতের অপরূপ শোভা, ঊষার আকাশ, কুয়াশার চাদর ভেদ করে মিষ্টি রবির কুসুম কোমলতায় সহজেই মুগ্ধ হয় দর্শনার্থীরা।

আবার গ্রীষ্মে বৃষ্টিভেজা দখিনা বাতাসে এক চিলতে শান্তি ও স্বস্তি এনে দেয় ক্লান্ত পথিকের দেহপ্রাণে। অবকাশ কেন্দ্রে রয়েছে দর্শনার্থী ও পান্থজনের বিশ্রাম নেয়ার সুব্যবস্থা, দৃষ্টিনন্দন ছাউনি, পাথর বাঁধানো স্নানঘাট, যা ক্রমেই নেমে গেছে স্নিগ্ধ স্বচ্ছ আড়িয়াল খাঁ নদের জলে। 

নদে ভ্রমণের জন্য রয়েছে প্রমোদতরী, পাখি দেখার সুন্দর স্পট, নিরাপত্তার জন্য পুরো ‘অবকাশ কেন্দ্র’কে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। 

অবকাশে ঘুরতে আসা কলেজছাত্র দেলোয়ার হোসেন আপন বলেন, খুবই ভালো লাগছে অবকাশে এসে। মফস্বল এলাকায় এত সুন্দর নির্মাণশৈলীর মাধ্যমে অবকাশ কেন্দ্র তৈরি করার জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ।

বেলাব ইউএনও মো. আক্তার হোসেন শাহিন বলেন, এ যুগে আমরা যখন প্রকৃতি ধ্বংসে অনেকটা বিভোর, এই ক্রান্তি অবকাশ কেন্দ্রটি মানুষ ও প্রকৃতির জন্য যে সুবাতাস বয়ে এনেছে তা যেন অস্থির জনপথে, একটু স্বস্তির স্নিগ্ধ পরশ।

ডেইলি-বাংলাদেশ/এমকে/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!