প্রতিবেশীর ঘরে ঢুকে টাকা-স্বর্ণালংকার লুট, ধরা পড়ার ভয়ে শিশু হত্যা
ঢাকার সাভারের আশুলিয়ায় নিজ ঘরে আট বছরের শিশু সাজ্জাত হোসেন হত্যার ঘটনায় রিপন মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত রিপনকে আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে ঘটনাস্থল থেকে রিপনকে আটক করা হয়। আটক রিপন রংপুর জেলার শাহআলম হোসেনের ছেলে। বর্তমানে আশুলিয়ায় হত্যার শিকার শিশু সাজ্জাতদের পাশের ফ্ল্যাটে স্ত্রীসহ বসবাস করে আসছিলেন রিপন।
পুলিশ জানায়, নিজ ঘরেই শিশু সাজ্জাতকে হত্যা করে লাশ বাথরুমের ফলস ছাদে লুকিয়ে রাখা হয়। লুট করা হয় ঘরে থাকা টাকা ও স্বর্ণাংলকার। সেই ঘটনার সূত্র ধরে পাশের ফ্ল্যাটের প্রতিবেশী রিপন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন রিপন। মূলত টাকা ও মালামাল চুরি উদ্দেশ্যে প্রতিবেশীর ঘরে ঢুকেন রিপন। কর্মজীবী বাবা-মা না থাকলেও শিশু সাজ্জাত তখন ঘরেই ছিল, ধরার পরার ভয়ে শিশুকে হত্যা করে লাশ বাথরুমের ফলস ছাদে লুকিয়ে রাখে।
এ ঘটনায় ওই শিশুর বাবা ইউসুফ হোসেন বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়ার বুড়িবাজার এলাকার মান্নান হোসেনের ছয়তলা ভবনের পাঁচতলার একটি ফ্ল্যাট থেকে শিশু সাজ্জাতের মরদেহ উদ্ধার করা হয়। শিশুর বাবা-মা দুইজনই কর্মজীবী। বিকেলে এসে শিশুটিকে প্রথমে খোঁজাখুঁজি করে না পেয়ে, পরে বাথরুমে ফলস ছাদে কম্বল মোড়ানো অবস্থায় মরদেহ পাওয়া যায়।