টাঙ্গাইলে তুচ্ছ ঘটনা নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন
টাঙ্গাইলের ঘাটাইলে তুচ্ছ ঘটনা নিয়ে দ্বন্দ্বের জেরে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী। মঙ্গলবার বিকেলে ওই উপজেলার ১ নম্বর দেউলাবাড়ী ইউনিয়নের ঝুনকাইল দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তোতা তালুকদার ওই গ্রামের মফেজ তালুকদারের ছেলে। তিনি পোড়াবাড়ী অটোভ্যান/অটোরিকশা-নসিমন শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন।
নিহতের স্ত্রী নাজমা বেগম বলেন, জমি নিয়ে বিরোধ ও ধানক্ষেতে গাছের পাতা পড়া নিয়ে দ্বন্দ্বের জেরে আমার স্বামীকে মারধর করেন তার বড় ভাই সমেশ তালুকদার, ছোট ভাই রফিক তালুকদার ও তাদের ছেলেরা। আমি প্রতিবাদ করলে আমাকেও গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। ওই ঘটনায় আমার স্বামী তাদের বিরুদ্ধে চেয়ারম্যান-মেম্বারের কাছে অভিযোগ করতে যান। কিন্তু রাত হয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। রাত ৯টার দিকে গ্রামবাসী জানায় বাড়ির পাশের একটি ধানক্ষেতে আমার স্বামীর হাত-পা বাঁধা লাশ পড়ে আছে।
ঘাটাইল থানার এসআই আসাদুজ্জামান জানান, নিহতের স্ত্রী সাতজনকে আসামি করে মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে নিহতের ছোট ভাই রফিক তালুকদারকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।