২৫২ বোতল বিদেশি হুইস্কিসহ তিন মিয়ানমারের নাগরিক আটক
কক্সবাজারের টেকনাফে ২৫২ বোতল বিদেশি হুইস্কিসহ তিন মিয়ানমারের নাগরিককে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার ভোরে ওই উপজেলার নাফ নদী সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) আমিরুল হক জানান, সমুদ্রপথে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান নাফ নদী দিয়ে টেকনাফে পাচার করা হবে- এমন তথ্যের ভিত্তিতে নাফ নদী সংলগ্ন এলাকায় অভিযান চালান টেকনাফ স্টেশন ও শাহপরীর দ্বীপ আউট পোস্টের কোস্ট গার্ড সদস্যরা। ওই সময় মিয়ানমার সীমান্ত থেকে শাহপরীর দ্বীপের দিকে একটি ট্রলার আসতে দেখা যায়।
তিনি আরো জানান, ট্রলারটির গতিবিধি সন্দেহজনক হওয়ায় থামার সংকেত দেয়া হয়। তখন পাচারকারীরা ট্রলার না থামিয়ে পালানোর চেষ্টা করলে স্পিডবোট নিয়ে ধাওয়া করে ট্রলারটি আটক করেন কোস্ট গার্ড সদস্যরা। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে ২৫২ বোতল বিদেশি রয়েল হুইস্কি উদ্ধার করা হয়। ওই সময় তিনজন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়। পরবর্তী আইনি পক্ষেপ নিতে উদ্ধারকৃত হুইস্কি, ট্রলারসহ তিন পাচারকারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।