ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সড়কে ঝরল দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজসহ ২ জনের প্রাণ

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৬, ১৪ মার্চ ২০২১
সড়কে ঝরল দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজসহ ২ জনের প্রাণ
সড়ক থেকে লাশ উদ্ধার করছে পুলিশ

পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

রোববার বিকেলে তেঁতুলিয়া ও বোদা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের মীরপাড়া এলাকার সুফিয়া খাতুন ও পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট ডাঙ্গাপাড়া এলাকার দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তাজুল ইসলাম।

স্থানীয়রা জানায়, বিকেলে বোদা উপজেলা সদরের পূর্ব বাইপাস এলাকায় ট্রাক্টরের ধাক্কায় অটোযাত্রী সুফিয়া খাতুন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হন নিহতের স্বামী রইসুল করিম, অটোচালক জসিম উদ্দিন ও যাত্রী দুলাল সরকার। পরে পুলিশ ও বোদা ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতরা জানান, যাত্রী নিয়ে বোদা থেকে অটোরিকশাটি দেবীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। বাইপাস মোড়ে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি বালুবাহী ট্রাক্টর তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি।

এদিকে, একই সময় তেঁতুলিয়া উপজেলার ভজনপুর নিজবাড়ি এলাকায় ট্রাকচাপায় দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তাজুল ইসলাম নিহত হন।

স্থানীয়রা জানায়, বিকেলে মহাসড়ক পার হওয়ার সময় তেঁতুলিয়া থেকে পঞ্চগড়গামী একটি ট্রাক তাজুলকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। হাফেজ তাজুল ইসলাম ভজনপুর দারুস সালাম কেরাতুল কোরআন নুরানি হাফেজিয়া মাদরাসায় পড়তেন। শনিবার ওই মাদরাসায় ওয়াজ মাহফিল উপলক্ষে বেড়াতে গিয়েছিলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!