ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

টেকনাফে শক্তিশালী মাদক আইসসহ যুবক আটক 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৮, ৪ মার্চ ২০২১
টেকনাফে শক্তিশালী মাদক আইসসহ যুবক আটক 
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে ২ কেজি শক্তিশালী মাদক আইসসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বুধবার দুপুরে হ্নীলার জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে এসব তাকে আটক করা হয়।

আটক মো. আব্দুল্লাহ ওই এলাকার গোলাল নবীর ছেলে। এসময় আব্দুর রহমান নামে তার এক সহোদর পালিয়ে যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর টেকনাফ বিশেষ জোনের ইন্সপেক্টর জিল্লুর রহমান বৃহস্পতিবার সকালে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, বেশ কিছুদিন ধরেই মিয়ানমার থেকে শক্তিশালী মাদক আইস বা “ক্রিস্টাল মেথ” এর চালান বাংলাদেশে পাচার হয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে সম্ভাব্য স্থানে গোপনে নজর রাখা হচ্ছিলো।

বুধবার দুপুরে জাদিমুড়া এলাকায় দুই সহোদরের বাড়িতে আইসের চালান মজুদ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক সিরাজুল মোস্তফার নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে দুই কেজি মাদক আইস সহ মো. আব্দুল্লাহকে আটক করা হয়। এসময় তার সহোদর আব্দুর রহমান পালিয়ে যায়।

পরে মাদকের চালান ল্যাবরেটরিতে পাঠিয়ে নিশ্চিত হন উদ্ধার মাদক শক্তিশালী আইস। যা ভয়ংকর মাদক ইয়াবার চেয়ে বহুগুন শক্তিশালী বলে জানান তিনি। যা ইতিমধ্যে দেশে উদ্ধার হওয়া আইসের সবচেয়ে বড় চালান। যার আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা বলে জানান তিনি। 

তিনি আরো জানান, এর আগে ঢাকায় ৬০০ গ্রাম আইস উদ্ধার করা হয়েছিল। আটক করা হয়েছিল বেশ কয়েকজনকে।

এ ঘটনায় আব্দুল্লাহকে টেকনাফ থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।
 

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!