মেহগনি বাগানে মিলল জ্বলন্ত লাশ
মাগুরায় সদর উপজেলার দারিয়াপুর গ্রামের একটি মেহগনি বাগান থেকে এক ব্যক্তির দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। রাতের কোনো এক সময় হত্যার পর বাগানে স্তুপকৃত পাতার আগুনে লাশটি পুলিয়ে ফেলার চেষ্টা করা হলেও বেলা ১২টা পর্যন্ত আগুন জ্বলছিল।
সোমবার সকালে এলাকাবাসী গ্রামের মধ্যে বুড়ির বাজারের পাশে বাগানের মধ্যে লাশটি জ্বলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে সকাল ১০ টার দিকে পিবিআই এবং সিআইডিকে ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু হয়।
মাগুরার অতিরিক্ত এসপি তারেক আল মেহেদি জানান, সকালে স্থানীয় একজন ভ্যানচালক বাগানের মধ্যে লাশটি পড়ে থাকতে দেখে। তখন বাগানের মধ্যে ঝরে পড়া পাতার স্তুপের মধ্যে লাশটি জ্বলছিল। তবে তারা দগ্ধ লাশটি দেখে পরিচয় শনাক্ত করতে পারেনি।
স্থানীয় অনেকে জানায়, হাজিপুর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের এই বুড়ির বাজারের আশে পাশে বিভিন্ন এলাকায় নিয়মিত জুয়াড়িদের আড্ডা বসে থাকে। এই জুয়া খেলার ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আশেপাশে কোথায়ও এ ব্যক্তিকে হত্যার পর পরিচয় নিশ্চিহ্ন করে ফেলতেই মেহেগনি বাগানে স্তপ করে রাখা পাতার মধ্যে আগুন ধরিয়ে দেয়া হয়।
তিনি আরো জানান, নির্মম এই হত্যাকাণ্ডের খবর পেয়ে মাগুরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশের বিভিন্ন টিম বিষয়টির তদন্ত করছে। পাশাপাশি পরিচয় উদ্ধার করতে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।