[ দেশজুড়ে ]
কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় নিহত ৩
চৌদ্দগ্রাম থানা, কুমিল্লা
কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনা ও ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার, পদুয়া বাজার ও গুণবতী রেলস্টেশন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- ওই উপজেলার গুণবতী ইউনিয়নের কৈতরা গ্রামের আবু মিয়ার ছেলে ইউসুফ, বগুড়া সদর উপজেলার চরডুপু গ্রামের আবু ছায়েদের ছেলে মনির হোসেন।
এ তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার এসআই মো খোকন।
তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার এলাকায় কভার্ডভ্যানের ধাক্কায় পিকআপের হেলপার মনির হোসেন নিহত হন। এছাড়া পদুয়া বাজারের রাস্তার মাথা এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, দূরপাল্লার কোনো বাসের ধাক্কায় তিনি নিহত হয়েছেন। অপরদিকে, একই উপজেলার গুণবতী রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় ইউসুফ নামে এক যুবক নিহত হয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!