চট্টগ্রামে মাদক মামলায় এএসআই কারাগারে
চট্টগ্রাম মহানগরের চকবাজার থানায় র্যাবের দায়ের করা মাদক মামলায় এএসআই গোলাম মোস্তফাকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওসমান গণির আদালতে আত্মসমর্পন করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
এএসআই গোলাম মোস্তফা নোয়াখালীর চরজব্বার থানার চরহাসান সিকদার বাড়ির সাইদুর রহমানের ছেলে।
জানা যায়, গত বছরের ২১ অক্টোবর বিকেলে নগরের ওয়াসা মোড়ের হক লাইব্রেরির সামনে থেকে ২ হাজার ৮০০ ইয়াবাসহ র্যাবের হাতে ধরা পড়েন রাঙ্গুনীয়া থানার কনস্টেবল মোশররফ হোসেন। পরদিন নগরের চকবাজার থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করে র্যাব।
গত ১২ জানুয়ারি কনস্টেবল মোশাররফ হোসেন ও এএসআই গোলাম মোস্তফাকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন এই মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ওসি মাঈনুর রহমান।
গোলাম মোস্তফা কয়েকমাস পলাতক থাকার পর উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়ে কর্মস্থল নগর ডিবির বন্দর জোনে হাজির হলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বর্তমানে তিনি দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত আছেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী মো. শাহাবুদ্দিন আহমেদ জানান, মঙ্গলবার সকালে এএসআই গোলাম মোস্তফা আদালতে আত্মসমর্পন করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।