পঞ্চগড়ে পাইপ লাইন স্থাপনে জমি অধিগ্রহণে চেক বিতরণ
ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপ লাইন স্থাপন প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণ বাবদ জমি মালিকদের চেক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জমি মালিকদের হাতে চেক তুলে দেন ডিসি ড. সাবিনা ইয়াসমিন। প্রথম দিনেই ৩০ জন জমি মালিককে ক্ষতিপূরণের চেক তুলে দেয়া হয়।
এ সময় অ্যাডিশনাল ডিসি (রাজস্ব) আব্দুল মান্নান, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদরের ইউএনও আরিফ হোসেন, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম ও ধাক্কামারা ইউপি চেয়ারম্যান আওরঙ্গজেবসহ বিভিন্ন এলাকার জমি মালিকরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন জানায়, এই প্রকল্পের আওতায় ভারত থেকে বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত ১৩০ কিলোমিটার ফ্রেন্ডশিপ পাইপ লাইন স্থাপন করা হবে। বাংলাদেশের অভ্যন্তরে ১২৫ কিলোমিটার এবং তার মধ্যে পঞ্চগড় জেলার ওপর দিয়ে ৮১ কিলোমিটার পাইপ লাইন স্থাপন করা হবে।
এখন পর্যন্ত প্রায় ১ হাজার জমি মালিক ক্ষতিপূরণের আবেদন করেছেন। তাদের মধ্যে কাগজপত্র যাচাই বাছাই করে ক্ষতিপূরণের চেক তুলে দেয়া হচ্ছে।