বরই খাওয়া নিয়ে বিরোধের জেরে বৃদ্ধাকে পিটিয়ে হত্যাচেষ্টা
ঢাকার ধামরাইয়ে গাছের বরই খাওয়া নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কুশুরা ইউপির বাউজা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, বাউজা গ্রামের ফজলুর রহমানের স্ত্রী ও পুলিশ কনস্টেবলের মা রাজিয়া বেগমের বাড়ির সামনে বরই গাছের পাশে প্রতিবেশী মফিদুল ইসলামের ভুট্টা ক্ষেত রয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন ওই গাছের বরই পাড়তে গেলে ভুট্টা গাছের সামান্য ক্ষতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মফিদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে বৃদ্ধাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি প্রহার করে। এতে ওই বৃদ্ধা মাটিতে লুটিয়ে পড়েন। এরপরও তার ওপর অমানুষিক নির্যাতন চলতে থাকে।
একপর্যায়ে হামলাকারী মফিদুল ওই পুলিশ কনস্টেবলের মাকে গলায় শাড়ির আঁচল পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। খবর পেয়ে প্রতিবেশীরা সংঘবদ্ধভাবে লাঠিসোটা নিয়ে এগিয়ে এলে হত্যাচেষ্টাকারীরা পালিয়ে যায়।
এলাকাবাসী ওই বৃদ্ধাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। তার অবস্থা খুবই আশঙ্কাজনক বলে চিকিৎসক নিশ্চিত করেছেন। এ ব্যাপারে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ধামরাই থানার ওসি (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।