ব্রোঞ্জের মূর্তিতে সোনার প্রলেপ, নারীসহ তিনজন ধরা
নাটোরের সিংড়া উপজেলার পিপুলসন গুচ্ছ গ্রাম থেকে নকল স্বর্ণের সাতটি মূর্তি উদ্ধার করেছে র্যাব। এ সময় প্রতারণা চক্রটির নারীসহ তিন সদস্যকে আটক করা হয়েছে।
আটকরা হলেন- শাহীন আলী, রাশেদুল ইসলাম ও সুফিয়া বেগম। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পিপুলসন গুচ্ছ গ্রামে র্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় নকল মূর্তি বেচা-কেনা প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে সাতটি নকল মূর্তি, স্বাক্ষর করা স্ট্যাম্প, তিনটি চাকু, একটি চাপাতি ও এক টাকার ৪৭০টি কয়েন উদ্ধার করা হয়েছে।
এএসপি মুহাম্মদ মহিউদ্দিন আরও বলেন, আটকরা ব্রোঞ্জের মূর্তির নিদিষ্ট অংশে সামান্য স্বর্ণের প্রলেপ দিয়ে সেই অংশ ভেঙে প্রতারিত ব্যক্তিকে তা পরীক্ষা করার জন্য দিতো। একপর্যায়ে প্রতারিত ব্যক্তি সম্পূর্ণভাবে প্রতারকের ফাঁদে পা দিতো। মোটা অংকের টাকা নিয়ে যখন প্রতারকের বাসায় স্বর্ণের মূর্তি কিনতে যেতো তখন প্রতারকরা প্রতারিত ব্যক্তিকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে রাখতো এবং টাকা আত্মসাৎ করে ছেড়ে দিতো।