[ দেশজুড়ে ]
নিজ চেম্বারেই স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, হোমিও চিকিৎসক হাতেনাতে ধরা
ধর্ষণচেষ্টা মামলায় গ্রেফতার হোমিও চিকিৎসক
গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার সময় সোলায়মান শাহ নামে এক হোমিও চিকিৎসককে হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। ওই ঘটনায় মামলা হলে অভিযুক্তকে গ্রেফতার দেখানো হয়েছে।
বুধবার সকালে ওই উপজেলার অবদার হাট এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতার হোমিও চিকিৎসক সোলায়মান শাহ চাঁদপুরের মতলব উপজেলার ছোট কিনারচর গ্রামের হযরত আলীর ছেলে। কোটালীপাড়ার অবদার হাটে তার চেম্বার রয়েছে।
স্থানীয়রা জানায়, সোলায়মান শাহ নিজ চেম্বারে বসেই ওই স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। ওই সময় ছাত্রীটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সোলায়মান শাহকে হাতেনাতে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা ওই চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেছেন। পরে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সোলায়মান শাহর বিরুদ্ধে এর আগেও একই ঘটনায় একটি মামলা হয়েছে। সেই মামলার কার্যক্রম শেষ হওয়ার আগেই তিনি ফের একই অপরাধ করলেন। আদালতের মাধ্যমে ওই হোমিও চিকিৎসককে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!