ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

টিকটকে অভিনয়ের কথা বলে কিশোরীকে গণধর্ষণ, দুই কিশোর জেল হাজতে

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৫, ২৭ ডিসেম্বর ২০২০
টিকটকে অভিনয়ের কথা বলে কিশোরীকে গণধর্ষণ, দুই কিশোর জেল হাজতে
অভিযুক্ত মো. শিশির ব্যাপারি ও জুনায়েদ ইসলাম ফাহিম

গাজীপুরের টঙ্গী থেকে টিকটকে অভিনয় দেয়ার কথা বলে ঢাকায় নিয়ে গণধর্ষণের ঘটনায় দুই কিশোরকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। রোববার বিকেলে অভিযুক্ত মো. শিশির ব্যাপারি ও জুনায়েদ ইসলাম ফাহিমকে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  মো.ইলিয়াস রহমান এ আদেশ দেন। 

এর আগে শনিবার বিকেলে রাজধানীর গেন্ডরিয়া, নারিন্দার শরৎচন্দ্র রোড এলাকায় অভিযান চালিয়ে ওই দুই কিশোরকে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। 

পুলিশ ও নির্যাতনের শিকার স্বজনরা জানান, ভুক্তভোগী স্থানীয় টঙ্গীর দত্তপাড়া এলাকার একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে টিকটক সেলিব্রেটি পরিচয় দানকারী শিশির ব্যাপারির সঙ্গে সখ্য গড়ে উঠে ভুক্তভোগীর। অভিনয়ের আশ্বাস দিয়ে গত ২৩ ডিসেম্বর বিকেলে টঙ্গী থেকে ওই কিশোরীকে ঢাকার গেন্ডারিয়া এলাকার নিয়ে যান অভিযুক্তরা। পরে একটি বাসায় আটকে তাকে গণধর্ষণ করা হয়। কিশোরীর মায়ের জিডির ভিত্তিতে পুলিশ কিশোরীকে উদ্ধারে অভিযানে নামে। শুক্রবার সন্ধ্যায় ঢাকার হাতিরঝিল মধুবাগ এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। পরে তিনজনসহ আরো কয়েকজনকে আসামি করে টঙ্গী পূর্ব থানায় মামলা  করেন ভুক্তভোগীর মা।

এদিকে, ভিকটিমের দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকার গেন্ডরিয়া, নারিন্দার শরৎচন্দ্র রোড এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুই কিশোরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হাসান। 

তিনি বলেন, সাত দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে হাজির করা হলে, আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেছেন। আগামীকাল রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!